শ্রমিকদের জন্য রাষ্ট্রীয় কার্ড চালুর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, সব সময়ই শ্রমিকরা বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়ে আসছেন, তাই তাদের অধিকার রক্ষায় রাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। অন্যান্য শ্রেণির মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয়ভাবে কার্ড প্রদান করা উচিত, যার মাধ্যমে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (০১ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীত নির্বাচনে ইসলামের স্বার্থে তারা কোনো আপস করেননি। তার অভিযোগ, অন্য রাজনৈতিক দলগুলো ইসলামকে উপেক্ষা করে গোপন সমঝোতায় লিপ্ত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময়ই স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করেছে। তিনি বলেন, তাদের রাজনীতি প্রকাশ্য ও স্বচ্ছ; কোনো ধরনের গোপন কার্যক্রমে তারা বিশ্বাসী নন। ইসলামের জন্য প্রয়োজনে ক্ষমতা ত্যাগের দৃষ্টান্তও তাদের দল স্থাপন করেছে।
বর্তমান সংসদে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার বিতর্ক পুনরায় উত্থাপিত হওয়াকে তিনি জাতির জন্য বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের স্পষ্ট করতে হবে—তারা শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থার পক্ষে, নাকি প্রচলিত ব্যবস্থার পক্ষে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ইসলামী শরিয়াহর পক্ষেই—এ কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
এছাড়া তিনি প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান। একই সঙ্গে দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরির অভিযোগ তুলে তা বন্ধের আহ্বানও জানান।














