‘সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যেমন একটি সরকার চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়। তাই প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে।
জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের যে কোনো স্থানে, যে কোনো সময়ে, যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে।
রোববার (৩ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে। সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে জনপ্রশাসনের পক্ষেও একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব এবং তাতে জনগণের মতামতই প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, জনপ্রশাসনে পদোন্নতি বা পোস্টিংয়ের জন্য যেসব পদ রয়েছে, প্রতিটিই রাষ্ট্র ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পদোন্নতি বা পছন্দসই স্থানে পোস্টিংয়ের আশায় পেশাদারিত্বে আপস করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে লাভবান হতে পারেন, কিন্তু এতে সামগ্রিকভাবে প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি ও লুটপাটের ফলে রাষ্ট্র ও জনগণ ঋণের বোঝায় জর্জরিত হয়েছে। প্রায় ৩০ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। ফলে জনগণ স্বাভাবিকভাবেই সরকারের প্রতিটি কাজে তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়।
বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় সব দেশই কোনো না কোনোভাবে এর প্রভাবের মুখে পড়েছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে কীভাবে সম্মিলিতভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।














