আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত ‘নবম পে স্কেল’ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি। এ দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনাসভারও ঘোষণা দেওয়া হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, তিন বেতন কমিশনের সুপারিশ প্রণয়নের জন্য পুনর্গঠিত কমিটি নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সুপারিশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে।
শনিবার (২ মে) সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির অংশ হিসেবে মে মাসজুড়ে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ আয়োজন করা হবে।
ঘোষণা অনুযায়ী, আগামী ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সংগঠনটির নেতারা জানান, গত ১১ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও সরকারি কর্মচারীরা এখনো নতুন কোনো পে স্কেল পাননি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন গ্রেডের কর্মচারীরা তীব্র আর্থিক চাপে পড়েছেন। অনেকেই ঋণের বোঝায় জর্জরিত, এবং মাস শেষে ঋণ পরিশোধের পর অবশিষ্ট বেতন দিয়ে ১০ থেকে ১৫ দিনের বেশি সংসার চালানো সম্ভব হয় না। ফলে অনেকে নতুন করে ঋণ নিতে বাধ্য হচ্ছেন।
সংগঠনটির মতে, আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। দেশের উন্নয়নে প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে তাদের প্রত্যাশা পূরণ করা হবে বলে তারা আশা করছেন।
এদিকে, বেতন কাঠামো পুনর্বিন্যাসে গঠিত কমিটি দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সুপারিশ জমা দিয়েছে। এতে আর্থিক চাপ সামাল দিতে কয়েকটি ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী জুলাই থেকে প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর হতে পারে।














