দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছিলেন।
এদিকে, আরও পাঁচটি মামলায় আইভীর জামিন সংক্রান্ত বিষয়ে আগামী রোববার (৩ মে) আদেশ দেবেন আপিল বিভাগ। গত সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।
জানা যায়, গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগ তা স্থগিত করে। এর মধ্যেই গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ তাকে আবারও জামিন দেন।
উক্ত পাঁচ মামলার মধ্যে চারটি হত্যা মামলা—ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরও একটি মামলা করা হয়েছে।
হাইকোর্টের জামিনের পর রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। পরবর্তীতে গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন।
পাশাপাশি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। তবে এর মধ্যেই আরও দুটি মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।














