প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর করা হবে । জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে – তিনি জানান ।
(২১ এপ্রিল) মঙ্গলবার এক ব্রিফিংয়ে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি । ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে আপনারা জানেন – ডা. জাহেদ উর রহমান বলেন । যেহেতু জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে, তাই এখন সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। এটা যৌক্তিকভাবে হবে , আমরা আশা করি ।
জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে – তিনি বলেন। সেটা কার্যকর করা হবে আসন্ন ঈদে । ঢাকার বাসস্ট্যান্ডগুলোর মানোন্নয়নে সিটি করপোরেশনকে নির্দেশ ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় জিনিসপত্রের দাম বাড়বে এটা সত্যি। বাসের ভাড়াও বাড়বে। তবে যেটা বাড়বে সেটা যাতে কোনোভাবেই অযৌক্তিক না হয়, সেটা কঠোরভাবে দেখবে সরকার।
তার মতে, জ্বালানি তেলের যে চাহিদা এখন তৈরি হয়েছে সেটা আসলে সঠিক চাহিদা নয়। এই চাহিদা মেটানো সম্ভব নয় সরকারের পক্ষে। এই চাহিদা তৈরি হয়েছে অবৈধ মজুত এবং পাচার হয়ে যাওয়ার কারণে।
এছাড়া আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের চেষ্টা করবে সরকার। সে জন্য আশপাশের দেশ ভারত, ভুটান, মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করছে বলে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।














